পার্বত্য আলো
সারাদেশ প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ৪:০১ অপরাহ্ন || প্রিন্ট : ২২ অক্টোবর ২০২৬, ৯:৩৫ অপরাহ্ন স্টাফ রিপোর্টার

রামুর গর্জনিয়া বাজারে ফার্মেসির চাল কেটে দুর্ধর্ষ চুরি, নগদ ৩০ হাজার টাকাসহ ওষুধ লুট

রামুর গর্জনিয়া বাজারে ফার্মেসির চাল কেটে দুর্ধর্ষ চুরি, নগদ ৩০ হাজার টাকাসহ ওষুধ লুট
শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি:
কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের গর্জনিয়া বাজারে একটি ফার্মেসিতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
বুধবার (২১ অক্টোবর) গভীর রাতে মৌলানা আলী আকবরের মালিকানাধীন হুরাইরা মেডিকেল সেন্টারে চুরি সংঘটিত হয়। এ সময় দোকানের ক্যাশের তালা ভেঙে নগদ প্রায় ৩০ হাজার টাকা ও কিছু ওষুধ চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
ফার্মেসির দায়িত্বে থাকা আলী আকবরের ছেলে মুর্তেজা জানান, প্রতিদিনের মতো বুধবার রাতে ফার্মেসী বন্ধ করে তাঁরা বাড়িতে চলে যান। বৃহস্পতিবার সকালে দোকান খুলে ক্যাশের তালা ভাঙা দেখতে পান। পরে খোঁজ নিয়ে দোকানের ওপরের চালের কাঠ ও টিন কাটা অবস্থায় দেখতে পান। তাঁর ধারণা, চোরেরা চাল কেটে দোকানে প্রবেশ করে ক্যাশে থাকা টাকা ও কিছু ওষুধ নিয়ে গেছে।
এ বিষয়ে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) আনিসুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ফাঁড়িতে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাজারে একের পর এক চুরি, উদ্বিগ্ন ব্যবসায়ীরা স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে গত ১০ থেকে ১৫ দিনের মধ্যে একই বাজারে রাতে আরও দুটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। একের পর এক চুরির ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
বাজারের কয়েকজন ব্যবসায়ীর অভিযোগ, বাজারের মাঝখানে একটি দোকান সারা রাত খোলা থাকে। তাঁদের দাবি, ওই দোকানে চোর, ইয়াবা কারবারি ও ইয়াবা সেবনকারীদের নিয়মিত যাতায়াত রয়েছে।
বাজারের পাহারাদারদের দাবি, রাতভর দোকানটি খোলা থাকায় অপরিচিত ব্যক্তিদের চলাচলের ওপর নজর রাখা কঠিন হয়ে পড়ে। তাঁদের মতে, রাতে দোকানটি বন্ধ থাকলে পাহারার কাজ সহজ হবে এবং চুরি প্রতিরোধে সহায়ক হতে পারে।
এ অবস্থায় বাজারের ব্যবসায়ীরা রাতের নিরাপত্তা জোরদার, নিয়মিত পাহারার ব্যবস্থা এবং ধারাবাহিক চুরির ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
সম্পাদক : প্রিয়দর্শী বড়ুয়া ভারপ্রাপ্ত সম্পাদক : নুসরাত জাহান আইন সম্পাদক : এডভোকেট ইব্রাহিম বার্তা সম্পাদক : এম. জাহিদ হাসান
প্রধান সড়ক, মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের পাশে, লামা, বান্দরবান পার্বত্য জেলা।  ·  মোবাইল : ০১৮৮৯-৩৮৪৮০১  ·  ই-মেইল : parbattaalonews@gmail.com
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Parbatta Alo-পার্বত্য আলো
PDF চাইলে প্রিন্ট উইন্ডোতে Destination → “Save as PDF”, Layout → Landscape, Margins → None।  |  ফটো কার্ড = ফেসবুকের জন্য ১০৮০×১০৮০ কার্ড।